মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২১ ২০:৩৯:৪১
ছবি সংগৃহিত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতি শোকস্তব্ধ। দুর্ঘটনায় হতাহতের প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রাষ্ট্রীয় সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শোকপ্রকাশের অংশ হিসেবে নিহত ও আহতদের আত্মার শান্তি এবং দ্রুত আরোগ্যের জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাসহ সব ধর্মীয় কেন্দ্র এই কর্মসূচির আওতায় থাকবে।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করলেও উত্তরার মাইলস্টোন স্কুলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কিছু শিক্ষার্থীও রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সরকারি সূত্র মতে, আহতদের চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল চারটার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকার মাটি। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে স্কুলসংলগ্ন এলাকা। এরপর শুরু হয় উদ্ধার তৎপরতা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট কাজ করে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সকলকে রক্তদানে ও সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন তারকাও।
এখন পর্যন্ত জানা গেছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং বিমানবাহিনীর তদন্ত ইউনিট কাজ শুরু করেছে। জাতীয় নিরাপত্তা ও এভিয়েশন নিরাপত্তা ঝুঁকির সম্ভাব্য দিকগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
 


এ জাতীয় আরো খবর