বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

পা র মি তা ম ন্ড ল

  • শেষ গন্তব্য
  • ২০২৫-০৬-১১ ২০:০৩:১৬

শেষ ট্রেনটাও হুইসেল বাজিয়ে চলে গেল গন্তব্যে 
পরিত্যাক্ত প্লাটফর্মটা এখন একেবারে ফাঁকা নিস্তব্ধ,
ইতিউতি ছড়িয়ে আছে কিছু স্মৃতি, কিছু অভিমান 
আজ কি অমাবস্যা? এতো অন্ধকার কেন ?

এক এক করে রাস্তার লাইট গুলো নিভে গেল
বাতাস গুলো আজ ভীষন বিষাক্ত লাগছে
কতদিন বৃষ্টি হয়নি  মনেহয়! 
কালো ধোঁয়া ছেড়ে  মিলিয়ে গেল শেষ ট্রেনটা।

মেঘ কেটে গিয়ে প্রতিবাদের প্রাচীর ভেঙে 
আবার একফালি চাঁদ তার অস্তিত্ব জানান দিচ্ছে 
নক্ষত্রগুলোর শ্বাস প্রশ্বাসে  যেন হাঁপানির টান
মৃদু গোঙ্গানীর আওয়াজে ওরাও কি দিশেহারা? 

শুধু আকাশের বুকে নীল কোলাজে আঁকা পোস্টারে
এখনো জ্বলজ্বল করছে তোমার প্রতিচ্ছবি।
রাতের নিস্তব্ধতায় মন পোড়া মৃদু দহনের গন্ধে
ধীরে ধীরে বিষাদ ছুঁয়ে যাচ্ছে শরীরে মনে।

রাজপথে ছড়িয়ে থাকা স্মৃতির স্মরনীমালা
প্রেতচ্ছায়ার মত অন্ধকারের ঘ্রাণ শুকে শুকে
পৌঁছে যেতে চায় হৃদয়ের তন্ত্রী বেয়ে মনের গভীরে 
"যদি একবার ফেরা যেত" এই দ্বিধাহীন দাবী নিয়ে।

বাণঢাকা সমুদ্রের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে
পৃথিবীটা কি শুধু তোমার একার ছিল?
তাহলে আগামীর মিছিলের আমন্ত্রণ উপেক্ষা করে
কেন পৌঁছে গেলে শেষ ট্রেনের যাত্রী হয়ে,শেষ গন্তব্যে ?


এ জাতীয় আরো খবর