বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা ও আন্দোলনে দ্বন্দ্ব: কাকরাইলে বিএনপি কর্মসূচিতে বিশৃঙ্খলা,রিট খারিজ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২২ ১৭:৪৯:৪৯
ছবি সংগৃহিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া কাকরাইলের মৎস্য ভবন মোড়ের অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আপাতত স্থগিত ঘোষণা করা হয়। তবে কর্মসূচি চলাকালীন সময়ে আন্দোলনকারীদের মধ্যেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ভিডিও ও আলোচনা।
বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ কর্মসূচি দুপুরের দিকে উত্তেজনায় রূপ নেয়, যখন ইশরাক হোসেনের সমর্থক দুই পক্ষ মুখোমুখি হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়-তর্ক-বিতর্কের এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষের দিকে তেড়ে আসে, প্লাস্টিক লাঠি হাতে দৌড়াদৌড়ি, এমনকি বোতল ছোড়ার ঘটনাও ঘটে। যদিও কেউ গুরুতর আহত হয়নি, তবে এই বিশৃঙ্খল পরিস্থিতি আন্দোলনের একতা ও সমন্বয় নিয়ে প্রশ্ন তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন সিনিয়র নেতা হস্তক্ষেপ করেন।
এই কর্মসূচি আসলে নগর ভবনের সামনে থেকে সরিয়ে কাকরাইলে স্থানান্তরিত হয় ২১ মে থেকে। এর আগে ১৫ মে থেকে বিএনপি নেতাকর্মীরা নগর ভবনের সামনে ও ভেতরে অবস্থান নেন। পরে প্রশাসনের নির্দেশে নগর ভবনের প্রধান ফটকে তালা লাগানো হয়, যা আন্দোলনের গতি কিছুটা পাল্টে দেয়।
বৃহস্পতিবার ইশরাক হোসেন নিজেই মাইক হাতে ঘোষণা দেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করব। এরপর প্রয়োজনে আবারও মাঠে নামব।” এই ঘোষণার মাধ্যমে কর্মসূচি আপাতত স্থগিত করা হলেও ইঙ্গিত মিলছে, আন্দোলন পুরোপুরি থামেনি, বরং সাময়িক বিরতিতে আছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশ স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দিয়ে বলেন, “এমন আবেদন গ্রহণযোগ্য নয়।” ফলে নির্বাচন কমিশনের জারি করা গেজেট বৈধতা পেলো, যদিও বাস্তবে ইশরাক দায়িত্ব পাননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই আন্দোলনে নিজ দলের ভেতরের বিভক্তি ও দুর্বল সংগঠন কাঠামোর প্রতিফলন ঘটছে। ইশরাক হোসেন বিএনপির তরুণ মুখ হলেও, তার নেতৃত্বকে ঘিরে দলীয় ঐক্যের অভাব এখন স্পষ্ট।
একদিকে হাইকোর্টের রায় এবং অন্যদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইশরাকপন্থী আন্দোলনের শক্তিকে দুর্বল করে তুলেছে। তবে ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর বিএনপি আবার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

সংক্ষিপ্ত বিবরণ:
ইশরাককে মেয়র দায়িত্ব দেওয়ার দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচি
কর্মসূচির মাঝে নিজেদের মধ্যেই ধাক্কাধাক্কি ও উত্তেজনা
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত
হাইকোর্টে গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ


এ জাতীয় আরো খবর