মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • প্রকৃতির উষ্ণতা
  • ২০২৬-১০-০৬ ১১:৪৫:৫৫

পৌষের শীত, কুয়াশা ঢাকা নীল আকাশ, 
একটু রোদের প্রত্যাশায় বসে আছে কাঁপুনী নিয়ে ---
ওরা পথশিশু, ওরা ছিন্নমূল
মাথার ওপর ছাদ নেই, নেই শখ আহ্লাদ।

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাটায় জীবন, 
কেউ কখনো ভাবিনি ওদের সেবায়
আমাদের বাহাদুরি, আমরা সুজন। 
ওরাও আমাদের মতো মানব সন্তান, 
একই সৃষ্টির সেরা জীব, বিভেদ শুধু সমতার। 

ওরা কুলি মুটে-মজুর তুলে দেয় গোলা ভরা ধান, 
দেয় সাচ্ছন্দ্য জীবনের সন্ধান। 
সমাজের উঁচু সারিতে দাঁড়িয়ে কখনো দিইনি ওদের এতটুকু সম্মান। 
কোনো আক্ষেপ নেই, নেই অভিযোগ, 
হাসিমুখে মেনে নেওয়ার কী ধৈর্য
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবই সমান, 
আনন্দে আপ্লূত হয়না, হয়না দুঃখ-কষ্টে হতাশ। 
বইয়ের পাতার শিক্ষা নেই সত্য, তবুও ওরা শিক্ষিত। 

শীতের উষ্ণ পোশাক না পেলেও
ওরা যুগযুগ বেঁচে থাকে প্রকৃতির উষ্ণতায়।


এ জাতীয় আরো খবর