শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে নেতাকর্মীদের প্রস্তুত হবার নির্দেশ বিএনপির

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৪ ১২:০৯:৪৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত কী বললো তা নিয়ে না ভেবে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে নেতাকর্মীদের প্রস্তুত হবার নির্দেশ দিয়েছেন। রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে, আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে রাজপথে নেমে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানান মির্জা ফখরুল। ক্ষমতাসীনদের বিদায় করে জেল-জুলুমের প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন দলটির সিনিয়র নেতারা। 
দুর্নীতির মামলায় তারেক রহমান ও তার স্ত্রীর কারাদন্ডের প্রতিবাদে নয়াপল্টনে এই সমাবেশ করে বিএনপি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। শুক্রবার দুপুরে মুষলধারে বৃষ্টিতে সড়কে জমা পানির মধ্যেই সমাবেশে উপস্থিত হয় নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা দলের নেতাকর্মীরা। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, এক দফার আন্দোলন ভিন্নখাতে নিতেই রাজনৈতিক উদ্দেশ্যে নেতাদের সাজা দেয়া হচ্ছে।  
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের আন্দোলনে সরকার দিশেহারা হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে। সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মির্জা ফখরুলের দাবি, সরকারের সময় শেষ হয়ে এসেছে। ঐক্যবদ্ধ প্রতিরোধেই সমুচিত জবাব দেয়ার কথা জানান তিনি। বর্তমান সরকারকে বিদায় করে জনগণের সরকার গঠন করাই বিএনপির লক্ষ্য বলেও জানান বিএনপির মহাসচিব।


এ জাতীয় আরো খবর