ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের অংশ হিসেবে বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার (১০ এপ্রিল)। এদিন সকাল ১১টা থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে,যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান। তিনি বলেন,একই সময় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রমও শুরু হবে এবং ১২ এপ্রিলই হবে এ প্রক্রিয়ার শেষ দিন।
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল প্রকাশ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
আসন বণ্টন প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, বিএনপি ও তাদের জোটের জন্য নির্ধারণ করা হয়েছে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। মোট সংরক্ষিত নারী আসন সংখ্যা ৫০টি।
কী-ওয়ার্ড: নারী আসন নির্বাচন,বিএনপি মনোনয়ন,তফসিল