বাংলা নববর্ষের প্রথম দিনেই কৃষকদের জন্য নতুন উদ্যোগের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন।
টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণের মধ্য দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হলো।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা সহজলভ্য করা হবে বলে জানান তিনি।
এর আগে সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে যাত্রা শুরু করে বেলা ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষি খাতকে আরও শক্তিশালী করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কী-ওয়ার্ড: কৃষক কার্ড,টাঙ্গাইল,নববর্ষ উদ্যোগ