রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে পুত্র ও পুত্রবধু কর্তৃক মা'কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, আটক- ২

  • এস এম মহিদার রহমান
  • ২০২৩-০৮-০২ ০৮:১১:০৬

সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে পুত্র ও পুত্রবধূ কর্তৃক মা আয়েশা খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের পুত্র রমজান ও পুত্রবধূ মিনারা খাতুনকে আটক করেছে। উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন (৫৫) ওই গ্রামের আক্কাস মোল্লার স্ত্রী। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮ টার দিকে পুত্র রমজান মোল্লা (৩২) ও তার স্ত্রী মিনারা খাতুন (২৮) পারিবারিক বিরোধের জেরে দুইজন মিলে "মা" আয়েশা খাতুনকে ঘরের মধ্যে বালিশ চাপাদিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে নিহতের মরদেহ। পরে তাদের চেঁচামেচিতে প্রতিবেশী শিল্পী খাতুনসহ স্থানীয়রা এসে ঝুলন্ত অবস্থায় আয়েশা খাতুনকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে ছেলে রমজান মোল্লা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে দেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুত্র রমজান ও পুত্রবধূ মিনারাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


এ জাতীয় আরো খবর