মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

শা মী ম আ জা দ

  • বড়ো জানতে ইচ্ছে করে
  • ২০২৫-০৩-০৬ ১৩:৩৫:০৬

সবকিছু বাদ দিলেও-
এই যে এতদিন, বহুবর্ষ ধরে
প্রতিদিন সূর্যজল নিংড়ে রক্তকনা ভিজিয়ে
মৌমাছির মতো পান করে চলেছি
নির্বাচিত মানুষের মধু 
সবাই চলে গেলেও আমি
রয়ে গেছি এই পৃথিবীতে এখনো-
সাইকেলকে সাম্পান করে 
বয়সের গুঁড়ো গেলে পেরিয়ে এসেছি
সাত সাতটি উন্মাদ দশক
সেটাই তো এক অত্যাশ্চর্য ব্যাপার!

আমার বুকের যে তীব্র জীবন-তৃষ্ণা,
হাকালুকি হাওরের হাহাকার 
তার সবই তো প্রায় রেঁধে, চেখে ও লিখে
চল্লিশটি চৌকশ মলাটের ভেতর রেখে 
মৃত্যুপ্রাপ্ত বন্ধুদের জ্বলজ্বলে জীবন ও
আমাদের যৌবনের সুতীক্ষ্ন সংগীতের সব
আমি পেছনের বক্তৃতার মাঠে বুনে দিয়ে এসেছি।

খুব জানতে ইচ্ছা করে, 
তোমাদের পড়বে কি মনে আমারেও
আমিও যে একদিন 
আমার বন্ধুদের সাথে গান গেয়েছিলাম!


এ জাতীয় আরো খবর