তেমন ভাবে চেনা হলো না তোকে
জানাও হলো না ভালো করে
কোনো বাঁধনও নেই।
হয়তো শেষ বসন্তের কৃষ্ণচূড়া রাঙাতে পারেনি চিত্ত
কোকিলের কুহুতান স্পর্শ করতে পারেনি অন্তঃস্থল।
তবু
তবু অনন্ত আশা নিভৃতে শূন্যে বাঁধে ঠাঁই
গভীর দহনে তোলপাড় আদি অন্ত।
অমসৃণ আলপথে পথ ভোলা পথিক
অশ্রু ধারায় লিখে রাখে শেষ সংলাপ
কচি ধানের শীষে গেঁথে রাখে বিরহের গান !
কোনো কোমল হৃদয় কখনও ছুঁয়ে দেখে যদি
তার বেদনায় কাঁপে যদি কারো ঠোঁট।।