বার্সেলোনাকে হারিয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে শিরোপার আরও কাছে চলে গেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ১১।
রোববার রাতে বার্নাব্যুতে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল। এই জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২ ম্যাচে ৮১। সমান ম্যাচে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০।
এদিন অবশ্য শুরুটা চমৎকার হয়েছিল বার্সেলোনার। খেলার ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় অতিথিরা। রাফিনিয়ার কর্নার থেকে গোল করেন আন্দ্রেয়াস ক্রিশ্চিনসেন।
তবে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি বার্সা। ১২ মিনিট পর বার্সার বক্সে লুকাস ভাসকেজকে ফাউল করেন পাও কুবারাসি ও হোয়াও কানসেলো। পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করে। তবে গোল হয়নি কারো।
দ্বিতয়ার্ধের ৬৯ মিনিটে ফারমিন লোপেজ বার্সাকে আবার এগিয়ে দেন। তবে ৭৩ মিনিটে লুকাস ভাসকেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ম্যাচের ইনজুরি টাইমে গোল করে রিয়ালকে জয় এনে দেন বেলিংহ্যাম।
তবে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। ২৮ মিনিটে বার্সার কর্নার থেকে লামিনে ইয়ামালের টোকা কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোললাইন পেরোনোর আগেই লুনিন ঠেকিয়েছেন কি না! ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির রায় মেনে গোল দেননি মাঠের রেফারি। তবে এ নিয়ে এখন আলোচনা চলছে। কেউ বলছেন এটি এটি গোল ছিল আবার কেউ বলছেন গোল হয়নি।
লা লিগায় এখন আর ৬ ম্যাচ বাকি। এখান থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই শিরোপা রিয়ালের ঘরে উঠবে।