রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে মা নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৪ ০৯:২৭:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৎ ছেলে মো. আশিকের ছুরিকাঘাতে  মা আয়েশা বেগমের(৩৫) মৃত্যু হয়েছে। নিহত আয়েশা জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের বাবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং আশিক বাবুল হোসেনের প্রথম পক্ষের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে  বাবুলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই  আশিক পালিয়ে যায়। বাবুলের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, শনিবার সন্ধ্যায় বাবুলের বাড়িতে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে আয়েশাকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রতিবেশীরা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে নিকটস্থ জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  রাত  সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আয়েশার পেটে ৪টি এবং হাতে ও চোখে  একটি করে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, আশিক  ঢাকায় থাকে। তবে সে প্রায়ই বাড়ি এসে  বাবা-মা’র নিকট মাদকসেবনের টাকার জন্য কলহ করত। ঘটনার সময় বাড়িতে আয়েশা ও তাঁর আড়াই বছরের একটি শিশু সন্তান এবং আশিক ছাড়া কেউ  ছিল না।  তবে  ঠিক কি কারণে আয়েশা খুন হন সে ব্যাপারে তদন্ত চলছে। আশিককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে শনিবার দিবাগত রাত সোয়া ২টা পর্যন্ত (৪ অক্টোবর) তাঁকে আটক করা সম্বব হয় নি বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর