একটা বিয়ের অনুষ্ঠানে বহু বছর পরে ছাত্রীর সাথে দেখা। বহু বছর মানে প্রায় ১৮/১৯ বছর হবে, লাস্ট যখন দেখা হয়েছিল ছাত্রী তখন ইন্টারে পড়ত।
ছাত্রীই আমাকে দেখে সালাম জানিয়েছে।
প্রথমে চিনতে না পারলেও বেশ কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি ছাত্রীর বয়স হয়েছে।
যার বিয়ে হচ্ছে সে ছাত্রীর আত্মীয়, ছাত্রী পুরো পরিবার সহ এসেছে। একে একে ছাত্রী তার হাসবেন্ড, বাচ্চার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। এরপরে বাবা, মা, ছোট বোন, খালা সবাইকে ডেকে আমার সাথে কথা বলিয়ে দিল। এত বছর পরে সবাইকে দেখে খুব ভালই লাগল।
খাওয়া দাওয়া শেষ, বরের অপেক্ষায় আছি।
উন্নয়নের কারণে জ্যামে গাড়ি আটকে আছে।
ছাত্রী আমার পাশে এসে দাঁড়াল "একটা কথা বলব স্যার?"
"কী কথা?" জিজ্ঞেস করলাম।
"একটা কথা বলতে চাচ্ছিলাম। এখন তো বয়স হইছে, বলতে সমস্যা নাই।
আপনি যখন আমাকে পড়াতেন আপনি আমাকে পছন্দ করতেন। ঠিক না স্যার?" ছাত্রী এই প্রশ্নই করবে ভেবেছিলাম।
উত্তরে হাহা করে হাসলাম "তুমি ঠিকই ধরেছ, ঐ বয়সে এরকম এক আধটু হয়েই থাকে। তা তোমার মনে কী ছিল? এখন তো আর বলতে সমস্যা নেই। "
"আমার আসলে ফর্সা ছেলেদের সাথে প্রেম করার ইচ্ছা ছিল"
ছাত্রীর কথা শুনে নিজেকে অনেক কস্টে কন্ট্রোল করলাম।
আজ কালো বলে...
পরক্ষনেই মনে হলো ছাত্রীর বরও কালো।
দূরে দাঁড়িয়ে থাকা বরকে দেখিয়ে জিজ্ঞেস করলাম "সেও তো..."
''বিসিএস ক্যাডারদের গায়ের রং ফ্যাক্টর না" আমার কথা শেষ করতে না দিয়ে হেসে উত্তর দিল।
ছাত্রী কোথায় যেন চলে গেলো।
আমি বরের জন্য অপেক্ষা করছি।
পাশে এবার ছাত্রীর বোন এসে দাঁড়াল "স্যার, ভাবি আসে নাই?"
"না, একাই এসেছি।"
ছাত্রীকে যখন পড়াতাম ছাত্রীর ছোট বোন তখন এসএসসি পরীক্ষা দিয়েছে।
"একটা কথা বলব স্যার?" ছাত্রীর বোন বাচ্চা কোলে দাঁড়িয়ে বলছে।
''বলো বলো"
''আপনার কথা মনে পড়লে এখনো হাসি পায়।''
"কেন কেন?"
"আপনি যে আমাকে পছন্দ করতেন তা তখন টের পেতাম। কিন্তু জানাজানি হলে আপনার টিউশনি চলে যাবে, তাই কাউকে বুঝতে দিতাম না।" বলে নিজেই কিছুক্ষণ হাসল।
তার হাসিতে আমিও যোগ দিলাম।
ছাত্রী তার খালাকে এদিকে আসতে দেখে দূরে চলে গেল।
ছাত্রীর খালার ছেলে আমার সমানই লম্বা হয়েছে প্রায়। সম্ভবত এবার এসএসসি পরীক্ষা দিবে।
মেয়েটা আমার ব্যাচমেট,
ছাত্রীকে যখন পড়াতাম তখন লালমাটিয়া মহিলা কলেজে পড়ত।
তখন তার বিয়ে হয় নি।
মেয়েটা ছাত্রীর বাসায় মানে তার বোনের বাসায় থেকে পড়াশোনা করত।
এবার খালা এসে আমাকে আমার বৌ বাচ্চার কথা জিজ্ঞেস করল।
কুশলাদী জিজ্ঞেসের পরে বলল "আপনাকে একটা কথা বলি।
এত বছর পরে আপনাকে দেখে কথাটা বলার ইচ্ছা হলো।
এখন তো আর প্রেমের বয়স নাই, তাই বললে সমস্যা নাই।
আপনি যখন আমাদের বাসায় পড়াতে আসতেন তখন আপনি আমাকে পছন্দ করতেন।
আমি ভালো করেই বুঝতে পারতাম। কিন্তু আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। অবশ্য আমি আপনাকে সেকেন্ড অপশনে রেখেছিলাম।" ঐ ছেলের সাথে ব্রেকাপ হলে আপনাকে... বলে হো হো করে কিছুক্ষণ হাসল।
সম্ভবত বর এসেছে। সবাই গেইটের দিকে যাচ্ছে।
ছাত্রীর মা দেখছি আমার দিকে এগিয়ে আসছে, বয়সে উনি আমার মাত্র ৫/৬ বছরের বড় হবে।
এবার আমি টেনশনে পড়ে গেলাম।