চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজের আরবি বিভাগের জেষ্ঠ্য প্রভাষক মো.তৌফিকুল ইসলামের বিরুদ্ধে সাউন্ড সিষ্টেম অপারেটরের সাথে ধস্তাধস্তি করে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ জোরপূর্বক বন্ধ করা,বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ এবং বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করার অভিযোগে মামলা হয়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।
পুলিশ জানায়,গত বৃহস্পতিবার(৭মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে সংঘটিত ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে কলেজ অধ্যক্ষ মো. সাহাব উদ্দিন বাদী হয়ে তৌফিকুল ইসলামকে একমাত্র আসামী করে দন্ডবিধির একাধিক ধারায় ভোলাহাট থানায় মামলাটি দায়ের করেন।ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার বলেন,কলেজ কর্তৃপক্ষের দেয়া খবরে কলেজে পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে গত বৃহস্পতিবার বিকালে থানায় নিয়ে আসে। শুক্রবার(৮মার্চ) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কলেজ অধ্যক্ষ বলেন, গত বৃহস্পতিবার ঘটনার পর কলেজের পরিচালনা কমিটি তাৎক্ষনিক জরুরী সভা করে। শুক্রবার আবারও সভা করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সভায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক সকল ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য,কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ১১টার দিকে কলেজে সাউন্ড সিষ্টেমে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোর সময় প্রভাষক তৌফিকুল ইসলাম সাউন্ড সিষ্টেম অপারেটরের সাথে ধস্তাধস্তি করে ভাষণ প্রচার বন্ধ করে দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তিও করেন।