সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

  • হাসান মেহেদী
  • ২০২৩-১১-১৩ ১৪:৩২:৪৭
উপজেলার নাজিরহাটে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তাইরিন তাবাসসুম তোহা (৯) নামের এক প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টেকের দোকান নামক স্থানে চাঁদের গাড়ির (জিপ) তাইরিন তাবাসসুম তোহাকে (৯) চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয় । তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত তোহা ঐ এলাকার হাফেজ জাহেদুল ইসলামের কন্যা। সে সুয়াবিল ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় আরও ২ জন শিক্ষার্থী আহত হয়। তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, তিনজন শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে একজন মারা যায়। আহত একজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক গাড়িটি আটক করে।

এ জাতীয় আরো খবর