চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০ লক্ষ ৩৮ হাজার ৭০০ টাকা মূল্যের ১৪৩টি ভারতীয় স্মার্টফোন, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা,৩৩ কেজি বিড়ির মসলা, একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করেছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি।
বিজিবি জানায়, সোমবার(২৬ অক্বেটাবর) সকাল ১০টার দিকে মনোহরপুর বিওপির টহল দল দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রাম হতে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা,৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে। এর আগে সোমবার সকাল সোয়া ৭টার দিকে একই বিওপির অপর একটি টহল দল একই ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে বিভিন্ন ব্রান্ডের ১৪৩টি ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।
সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানগুলো নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক মোস্তাফিজুর রহমান।