এক ইনিংসে সেঞ্চুরি,বল হাতে ৭ উইকেট-টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে এই অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পরও ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব একটা আগ্রহ নেই তাঁর। মুল্ডারের কাছে সব অর্জনের ঊর্ধ্বে দলের জয়।
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন উইয়ান মুল্ডার। এক ইনিংসে ১০০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে এবং বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশকে হারানোর পর সংবাদ সম্মেলনে নিজের রেকর্ড নিয়ে কথা বলেন মুল্ডার। তবে এমন ঐতিহাসিক অর্জনেও তাঁর প্রতিক্রিয়া ছিল বেশ স্বাভাবিক। রেকর্ডের প্রসঙ্গ তুলতেই বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘রেকর্ড? কোন রেকর্ড? ওয়াও! রেকর্ড নিয়ে আমি এতটা ভাবি না। দলের জন্য অবদান রাখতে পেরেছি, এটাই শান্তির।’
নিজের পারফরম্যান্সের পেছনে দলের প্রয়োজনে বিভিন্ন দায়িত্ব পালনের মানসিকতাকে গুরুত্ব দিয়েছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। তাঁর ভাষায়, ‘আমি বিভিন্ন ভূমিকায় খেলেছি। সুযোগ এলেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সেটা কোন ভূমিকায়, তা নিয়ে ভাবিনি। অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরিটিই হয়তো আমার সেরা সেঞ্চুরি। ম্যাচ জেতাই মুখ্য, রেকর্ড আমার কাছে মুখ্য নয়।’
বাংলাদেশের ব্যাটার জাকের আলীকে আউট করার প্রসঙ্গেও কথা বলেন মুল্ডার। তিনি জানান, বল কিছুটা সুইং করছিল। লিটন দাসকেও প্রায় একই ধরনের বল করেছিলেন। জাকেরের উইকেট নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না বলেও জানান তিনি।
মুল্ডার বলেন,ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই ভালো করা ক্রিকেটে খুব একটা নিয়মিত ঘটনা নয়। সতীর্থদের সঙ্গে তাঁর চমৎকার সম্পর্ক এবং দলের পরিবেশ তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে। দলের সঙ্গে সময় কাটানো উপভোগ করেন বলেই নিজের দায়িত্ব পালন সহজ হয়ে যায় বলে মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন মুল্ডার। তাঁর মতে, কোচের ইতিবাচক ও আন্তরিক দৃষ্টিভঙ্গি দলকে সামনে এগিয়ে নিতে সহায়তা করছে। অতীতের ব্যর্থতা কিংবা ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানের ওপর মনোযোগ দিচ্ছে দল।
তিনি আরও বলেন, দলে তরুণ ক্রিকেটার বেশি থাকলেও কোচিং ম্যানেজমেন্ট ও অভিজ্ঞ খেলোয়াড়েরা তাঁদের নিজেদের মতো করে মানিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। বাইরের সমালোচনা দলের ভেতরে প্রভাব ফেলতে দেওয়া হয় না। ফলে প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার পরিবেশ পাচ্ছেন।
মুল্ডারের বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সংহতি ও সম্মিলিত সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। এক ইনিংসে সেঞ্চুরি ও ৭ উইকেটের ঐতিহাসিক কীর্তি গড়েও তাঁর কাছে সবচেয়ে বড় পরিচয়-তিনি একটি দলের অংশ, আর সেই দলের জয়ই তাঁর প্রকৃত প্রাপ্তি।
উইয়ান মুল্ডার, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট, এক ইনিংসে সেঞ্চুরি ও ৭ উইকেট।