বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৫ ১৮:৫০:৫৪
ছবি: সংগৃহীত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে পতন ও পলায়নের পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই, ভবিষ্যতেও গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই। দেশের জনগণও তাদের আর স্বীকৃতি দেবে না।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্য তুলে ধরা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষী—জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরে আসতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর দেশে ফিরে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার নানা ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি অভিযোগ করেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে কোনো প্রাণহানি কিংবা সম্পদহানি ছাড়াই অতীতের অপচেষ্টা নস্যাৎ করেছে। ভবিষ্যতে উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জননিরাপত্তা ও সম্পদের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানান তিনি। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, এটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ ও সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যূনতম মজুরি নির্ধারণ ও চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকরা এতে সন্তুষ্ট। শ্রমিক এলাকায় গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল, যারা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করতে চাইছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং পেছনের ইন্ধনদাতাদের শনাক্তে তদন্ত চলছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও জোটগতভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামীলীগ, রাজনৈতিকপরিস্থিতি


এ জাতীয় আরো খবর