বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

সমুদ্রপথে মানব পাচারের ভয়ংকর সিন্ডিকেট,আড়ালে মূল হোতারা!

  • গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী
  • ২০২৬-১১-২৫ ১৯:২৩:২৭

সমুদ্রপথে মানব পাচারের ভয়ংকর সিন্ডিকেট,আড়ালে  মূল  হোতারা। কক্সবাজারকে  মানব   পাচারের   ‘রেড জোন’বলছে  সিআইডি; দালাল নয়, চক্রের গডফাদার দের  শনাক্ত  করে আইনের  আওতায়  আনার তাগিদ।
সমুদ্রের  উত্তাল ঢেউ  পেরিয়ে স্বপ্নের বিদেশযাত্রা কিন্তু সেই স্বপ্নেরআড়ালে অপেক্ষা করছে অপহরণ,নির্যাতন, মুক্তিপণ  আদায়,  অনাহার   এমনকি   সলিলসমাধির ভয়াবহ  পরিণতি।  উন্নত  জীবনের  প্রলোভন  দেখিয়ে সাধারণ  মানুষকে   মৃত্যুঝুঁকিপূর্ণ   সমুদ্রযাত্রায়   ঠেলে দিচ্ছে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। এই অপরাধের দৃশ্যমান  অংশে  মাঝেমধ্যে  ধরা পড়ছে দালাল কিংবা নৌযানের   সহযোগীরা; কিন্তু  পর্দার   আড়ালে  থেকে যাচ্ছে অর্থের জোগানদাতা,পরিকল্পনাকারী, আন্তর্জাতিক যোগাযোগ  রক্ষাকারী এবং পুরো পাচার নেটওয়ার্কের  নিয়ন্ত্রক   কথিত   গডফাদাররা।   ফলে বিচ্ছিন্ন অভিযান ও কয়েকজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে থামছে   না মানব   পাচারের   ভয়াবহ    বিস্তার।   বরং অপরাধের  শিকড়  উপড়ে   ফেলতে   এখন  প্রয়োজন পাচারকারী   চক্রের   আর্থিক    লেনদেন,   যোগাযোগ ব্যবস্থা,নৌযান সরবরাহ ও  দেশি-বিদেশি নেটওয়ার্কের গভীর   অনুসন্ধান।  বাংলাদেশের   অন্যতম  গুরুত্বপূর্ণ উপকূলীয়   জেলা   কক্সবাজারকে    মানব   পাচার ও অভিবাসী  চোরাচালানের  একটি  ‘রেড জোন’ হিসেবে উল্লেখ   করেছে   পুলিশের   অপরাধ    তদন্ত   বিভাগ (সিআইডি)।   সংস্থাটির  কর্মকর্তাদের মতে, এ অঞ্চলে সংঘবদ্ধ   অপরাধী   চক্রের    তৎপরতা  মোকাবিলায় প্রযুক্তিনির্ভর    তদন্ত,    গোয়েন্দা    নজরদারি    এবং আইনশৃঙ্খলা  রক্ষাকারী  বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা জরুরি।  একই সঙ্গে  গণমাধ্যমকে শুধু ঘটনার   বিবরণ   প্রকাশ   নয়,  অপরাধের  নেপথ্যের হোতাদের  চিহ্নিত  করতে  অনুসন্ধানী  সাংবাদিকতার ভূমিকা রাখতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজারে সিআইডি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত পৃথক প্রশিক্ষণ কর্মশালায় বক্তাদের বক্তব্যে  উঠে আসে মানব পাচার প্রতিরোধে   এমন    কঠোর   ও   সমন্বিত   উদ্যোগের প্রয়োজনীয়তা। বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক  (অতিরিক্ত   আইজিপি)   ও   স্পেশাল ব্রাঞ্চের   সাবেক  প্রধান   মোঃ   শাহ   আলম   বলেন, সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী  চোরাচালান বন্ধ করতে  হলে  সংঘবদ্ধ  অপরাধী চক্রের মূল হোতাদের খুঁজে  বের  করতে  হবে।   তাঁদের  বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন   প্রকাশের    পাশাপাশি    অপরাধ   দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  ও  গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে   পরিচালিত   ‘ম্যাস   ক্যাম্পেইন  টু কমব্যাট হিউম্যান  ট্রাফিকিং  অ্যান্ড  পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায়  ব্র্যাকের   মাইগ্রেশন  প্রোগ্রাম  এ কর্মশালার আয়োজন করে। মানব পাচার, অভিবাসী  চোরাচালান এবং সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন বিষয়ে দায়িত্বশীল   ও    তথ্যভিত্তিক    সংবাদ     পরিবেশনে সাংবাদিকদের  দক্ষতা   বাড়ানোর  লক্ষ্যে  আয়োজিত কর্মশালায়   কক্সবাজার    সদর,    মহেশখালী,    রামু, টেকনাফ  ও উখিয়ার  ৪০  জন   গণমাধ্যমকর্মী  অংশ নেন।  ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম  ও  ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী    পরিচালক    শরিফুল    ইসলাম      হাসান অভিবাসনের   বর্তমান  প্রবণতা  এবং  মানব পাচার ও অভিবাসী  চোরাচালানের  পরিবর্তিত চিত্র তুলে ধরেন। সাংবাদিকতা  জীবনে  মানব  পাচার নিয়ে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন,মানব পাচার কিংবা মাদকের   মতো   সংঘবদ্ধ  অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারলে   একসময়   সাধারণ   মানুষের সন্তানরাও এর শিকার হবে। পরিস্থিতি  আরও খারাপ হওয়ার আগেই সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু তথ্য তুলে ধরে না; এটি মানুষকে সচেতন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত  রাখে এবং নিরাপদ  অভিবাসনের  বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায়  আরও  বক্তব্য  দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক   আব্দুল    কুদ্দুস  রানা  এবং   বাংলাদেশ ন্যাশনাল     উইমেন      লইয়ার্স      অ্যাসোসিয়েশনের কক্সবাজারের লিগ্যাল সার্ভিসের সমন্বয়কারী বিশ্বজিৎ ভৌমিক।
সিআইডির ২৫ কর্মকর্তাকে প্রশিক্ষণ,গুরুত্ব অপরাধের নেটওয়ার্ক শনাক্তে,এর আগে সকালে ‘সমুদ্রপথে মানব পাচার  প্রতিরোধে  আইনশৃঙ্খলা   রক্ষাকারী  বাহিনীর ভূমিকা  ও  চ্যালেঞ্জ’ শীর্ষক  পৃথক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিআইডির ২৫ জন কর্মকর্তা অংশ নেন। সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ   এবং   সংঘবদ্ধ   অপরাধী  চক্রের  বিরুদ্ধে কার্যকর  ব্যবস্থা গ্রহণে  কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছিল  কর্মশালার   মূল লক্ষ্য। এ  কর্মশালায়  মোঃ শাহ আলম  অপরাধী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের  পাশাপাশি   প্রযুক্তিনির্ভর   তদন্ত  ও  সমন্বিত উদ্যোগ   জোরদারের   ওপর   গুরুত্ব  দেন। অতিরিক্ত শরণার্থী   ত্রাণ   ও  প্রত্যাবাসন  কমিশনার (উপসচিব) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন,কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ   উপকূলীয়  বিভিন্ন  এলাকা   ব্যবহার করে রোহিঙ্গা  ও   স্থানীয়   জনগোষ্ঠীর  মানুষকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ   যাত্রায়   পাঠানোর   ঘটনা  উদ্বেগজনক। এ ধরনের   ঘটনা   প্রতিরোধে   প্রশাসন  ও আইনশৃঙ্খলা রক্ষাকারী   বাহিনীকে  যথাযথ  ভূমিকা  পালন করতে হবে।  কক্সবাজারে  সিআইডির   বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ কক্সবাজারকে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের একটি ‘রেড জোন’ হিসেবে   উল্লেখ   করেন।    তিনি   বলেন,   এ অঞ্চলে সংঘবদ্ধ   অপরাধী   চক্রের   তৎপরতা   মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী   বাহিনীর  সমন্বিত  ও প্রযুক্তি নির্ভর   উদ্যোগ   আরও  জোরদার  করা    প্রয়োজন।
প্রশ্নের   মুখে   পাচারকারী   চক্রের   নেপথ্যের   শক্তি
মানব পাচারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে শুধু  সমুদ্রপথে  অভিযান  কিংবা বিচ্ছিন্ন গ্রেপ্তারে সীমাবদ্ধ থাকলে চলবে না।  কারা মানুষ সংগ্রহ করছে, কারা   বিদেশে   পাঠানোর   প্রলোভন  দেখাচ্ছে, কারা নৌযান ও যাত্রার ব্যবস্থা করছে, কারা অর্থের জোগান দিচ্ছে   এবং   আন্তর্জাতিক  পর্যায়ে  কারা যোগাযোগ রক্ষা  করছে  এসব   প্রশ্নের  উত্তর  বের  করা জরুরি।
বিশেষ  করে পাচারের  শিকার   ব্যক্তিদের জবানবন্দি, আর্থিক   লেনদেন,   মোবাইল   ফোন   ও   ডিজিটাল যোগাযোগের তথ্য এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক বিশ্লেষণের মাধ্যমে   অপরাধের   পুরো   কাঠামো   উন্মোচন করা প্রয়োজন।একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
কক্সবাজারের  বিস্তৃত  উপকূলীয় এলাকায় নজরদারি বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং নিরাপদ অভিবাসন   বিষয়ে    সচেতনতা   তৈরির  পাশাপাশি পাচারকারী   চক্রের   অর্থনৈতিক  ভিত্তি দুর্বল করতে কার্যকর   পদক্ষেপ  নেওয়ার   দাবি  জোরালো হচ্ছে।
সব  মিলিয়ে  মানব  পাচার প্রতিরোধে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ  হলো অপরাধের  দৃশ্যমান সহযোগীদের পাশাপাশি আড়ালে থাকা মূল হোতাদের শনাক্ত করা। কারণ দালাল গ্রেপ্তার হলেও যদি অর্থের জোগানদাতা ও  নেটওয়ার্কের  নিয়ন্ত্রকরা  ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাহলে   সমুদ্রপথে মানব  পাচারের এই ভয়ংকর বাণিজ্য বন্ধ করা কঠিন হবে।


এ জাতীয় আরো খবর