মেধাবী ছাত্রীদের উৎসাহিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ঝরে পড়া রোধে দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাইসাইকেলগুলোর মান, আরামদায়ক ব্যবহার ও ব্যবহারিক উপযোগিতা পরখ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। সেগুলো সরেজমিনে পরীক্ষা করে দেখেন তিনি।
এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা তৈরি করে শিক্ষা অর্জনে উৎসাহিত করার বিষয়টিও এতে গুরুত্ব পাচ্ছে।
বাইসাইকেলের মান যাচাইয়ের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান, মেধাবী ছাত্রীদের বাইসাইকেল, শিক্ষার্থী ঝরে পড়া রোধ।