বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

স্বাধীন বাংলার গান

  • লতিফা জাহান
  • ২০২৬-১১-২৫ ১০:৪২:৪৫

সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? কে? কে? কে? 
এহিয়া তোমায় আসামীর মতো জবাব দিতে হবে।   
শ্যামল বরণ সবুজ ফসলে ছিল যে সেদিন ভরা, 
তটিনীর জল সদা বয়ে যেত হয়ে অমৃত ধারা।
এই বাঙালির বুকের রক্তে বন্যা বহালো কে? 
কে? কে? কে? 
এহিয়া তোমায় আসামীর মতো জবাব দিতে হবে।।
 
প্রিয় বন্ধু স্বজন, আপু, দাদাভাই, ভাই ও বোনেরা!  
আজ আমি মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের প্রারম্ভের প্রাক্কালে আরও একটি গান তুলে এনেছি স্মৃতির অতল গভীরে হারিয়ে যাওয়া পাতা থেকে। জানিনা দু'একটি শব্দ বা লাইন এদিক ওদিক হতে পারে। সেক্ষেত্রে আমার সুহৃদ পাঠক বৃন্দের কাছে আবেদন থাকবে, কেউ যদি পুরো গানটি জানেন, তাহলে বলবেন। 
আমাদের এই বাংলা একদা সুজলা সুফলা শস্য  শ্যামলা ছিল। ২৫ শে মার্চের কালরাত্রিতে খুনী ইয়াহিয়ার সৈন্যরা অতর্কিত হামলা করে পুরো দেশটাকে একেবারে শ্মশান এবং মৃত্যুপুরীতে পরিণত করে দিয়েছিল। সেই থেকে পুরো নয়মাসব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের উপর ধ্বংসযজ্ঞ চালায়। স্বাধীন বাংলা বেতারে প্রতিদিন সেই হাহাকারের প্রতিধ্বনি গানগুলি প্রচারিত হতো। শতাধিক উদ্দীপনামূলক গান আমরা শুনতাম বেতারে। তারই দুটি একটির যা মনে আছে তা আমি আমার আদরের নাতি-নাতনীদের সাথে মুখে মুখে গেয়ে শিখিয়েছি।
হায়! এইসব গানের বই পাওয়া যেত। আজ তা-ও মানুষ ছাপায় না। কে বলবে আজ ৩০ লক্ষ প্রাণ 
এদেশের স্বাধীনতার জন্য বিসর্জন দিতে হয়েছিল, লক্ষ লক্ষ মা-বোন ধর্ষিতা হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশের আজ এই রূপ দেখা যায় না। 
এই দেশের জন্য বাঙালির বুকের রক্তে বন্যা বইয়ে দিয়েছিল, সেকথা আজ কি কেউ মনে রেখেছে? 
যে বাংলার মাটিতে সোনা ফলত, সেই মাটিকে ইয়াহিয়ার সৈন্যরা শ্মশান বানিয়ে দিয়ে গেছে। কিন্তু তার কি কোনো জবাব ইয়াহিয়া দিয়ে গেছে? যে ইয়াহিয়া- ভুট্টো-কসাই টিক্কা খানের সৈন্যরা সবুজ 
শ্যামল বাংলার মাটি রক্তে রঞ্জিত করেছিল, যে তটিনীর বুকে অমৃত ধারার বদলে রক্তের ধারা প্রবাহিত করেছিল, তার জবাব কি এহিয়া-ভুট্টো-টিক্কা খান-নিয়াজী দিয়ে গেছে? 
যে ৯৩ হাজার সৈন্যসহ নিয়াজী আত্মসমর্পণ করেছিল, তারাও কি জবাব দিয়ে গেছে? 

 


এ জাতীয় আরো খবর