ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে,এ বিষয়ে সরকারের কোনো ছাড় নেই
প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন,প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
তিনি জানান,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। স্বাভাবিক ভ্রমণপ্রক্রিয়ায় তাঁর দেশে ফেরার বিষয়টি সরকারের বিবেচনায় নেই।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালিত হয়। গত ১৭ নভেম্বর ওই মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের জন্য ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জোরালো করেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে তা সংশোধন করা হয়। চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট আইনি শর্ত পূরণ সাপেক্ষে এক দেশ অন্য দেশের কাছে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এ প্রত্যর্পণ চুক্তিই বাংলাদেশের অন্যতম প্রধান আইনি ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ, বাংলাদেশ-ভারত চুক্তি, হুমায়ুন কবির