মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সিআইপিআরবি আয়োজিত হেলথ ক্যাম্প

  • কাজী বোরহান উদ্দিন
  • ২০২৬-১০-২৭ ১৮:২১:৪৫

২২ অক্টোবর ২০২৬ জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ পালনের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সার্বিক সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) পেশাদার চালকদের হেলথ ক্যাম্প পরিচালনা করেছে। পেশাদার চালকদের (সকল প্রকার মোটরযান চালক) স্বাস্থ্যঝুঁকি নির্ণয়ের উদ্দেশ্যে উক্ত ক্যাম্পের আয়োজন করা হয়। বিআরটিএ-এর ঢাকা মেট্রোর দুটি সার্কেল (সার্কেল-১ এবং ৪) এর আওতায় চারদিন এই ক্যাম্প পরিচালনা করা হবে তাতে মোট ৮০০ জন পেশাদার চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আজ ২৭ অক্টোবর ২০২৬ তারিখে হেলথ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করেন বিআরটিএ-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবীবুর রহমান। 
উদ্বোধনী বক্তব্যে বিআরটিএ-এর চেয়ারম্যান সিআইপিআরবি কর্তৃক আয়োজিত হেলথ ক্যাম্পের সাফল্য কামনা করেন। তিনি বলেন নিয়মিত হেলথ চেক-আপ করার মাধ্যমে রোগ নির্ণয় সম্ভব হয়, কোন অসুস্থতা চিহ্নিত হলে যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া যায়। একজন সুস্থ চালক নিয়ম মেনে গাড়ী চালালে নিরাপদে যাত্রী সেবা দিতে পারেন যার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে করা সম্ভব। তিনি আরো বলেন আমরা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে দেশব্যাপী হেলথ ক্যাম্প পরিচালনার চেষ্টা করছি। আশা করি এরুপ কার্যক্রম দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর অবদান রাখবে। তিনি উপস্থিত সকল পেশাদার চালকদের সুস্থ থেকে যথাযথ ট্রাফিক নিয়ম মেনে গাড়ী চালানোর পরামর্শ দেন। 
হেলথ ক্যাম্প কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান। তিনে বলেন পেশাদার চালকেরা দেশের পরিবহন ব্যবস্থার চালিকাশক্তি। তাদের সু-স্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ সড়ক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। চালকের সু-স্বাস্থ্য নিশ্চিত করার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিকল্প নেই, কেননা রোগ নির্ণয় করতে পারলে তার চিকিৎসা নেয়ার প্রয়োজনীয়তা তৈরী হয়। আর চিকিৎসার মাধ্যমে সুস্থ থেকেই একজন চালক দেশের যাতায়াত ব্যবস্থায় অবদান রাখতে পারেন। তিনি আরো জানান বিআরটিএ এর সহযোগিতায় সিআইপিআরবি উক্ত হেলথ ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পে চালকদের ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। তিনি সকল চালককে যথাযথ প্রক্রিয়ায় হেলথ ক্যাম্পে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। 
সিআইপিআরবি এর উপ-নির্বাহী পরিচালক ও পরিচালক আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিট ড. সেলিম মাহমুদ চৌধুরী বলেন সিআইপিআরবি কর্তৃক আয়োজিত পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প এটিই প্রথম নয়। এর আগেও ২০২২ এবং ২০২৩ সালেও ঢাকার চারটি বড় বাসস্ট্যান্ড এবং তেঁজগাও ট্রাক টার্মিনালে এরুপ ক্যাম্প পরিচালনা করছি । আশা করছি আমরা নিয়মিতভাবে এরুপ কার্যক্রম চালিয়ে যেতে পারবো। মোটরযান চালকগণ নিয়মিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার মাধ্যমে যথাযথ চিকিৎসা নিলে তারা নিজেরা যেমন সুস্থ থাকবে তেমনি নিরাপদে গাড়ী চালাতে পারবে। যা সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে অবদান রাখবে। 
পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন সিআইপিআরবি রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার জনাব কাজী বোরহান উদ্দিন। সিআইপিআরবি এর মেডিক্যাল অফিসার ডাঃ সামিদ সিদ্দকী ক্যাম্পের কার্যক্রম তদারকী করেন, যেখানে তথ্য সংগ্রহের কাজ করেন সিআইপিআরবি এর সুপারভাইজার জনাব মোঃ সাইফুল ইসলাম, দৃষ্টিশক্তি পরীক্ষা করেন অপটোমেট্রিস্ট জনাব মোঃ মোসলেম উদ্দিন সোহাগ এবং ডায়বেটিস ও রক্তচাপ পরীক্ষা করেন মিডওয়াইফ সুমাইয়া আক্তার। 
ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন বিআরটিএ এর ঢাকা বিভাগের পরিচালন জনাব মোঃ মাসুদ আলম ঢাকা মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক জনাব মোঃ আবদুল্লাহ আল নোমান এবং লাইসেন্স নবায়ন শাখার সহকারী পরিচালক জনাব জিয়াউর রহমান এবং তার টিমের সদস্যগণ।


এ জাতীয় আরো খবর