শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল,১২ কেজি গানপাওডার ও সরঞ্জাম উদ্ধার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১০-১৬ ২০:৩৩:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলার একটি আমবাগান থেকে  পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। একই সাথে উদ্ধার হয়েছে ১১.৮ কেজি  সাদা রং এর গানপাওডার,২টি হাসুয়া  এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম। এসআরবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে (১৬ অক্টোবর) মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এসআরবি-৫ রাজশাহীর  বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ওইসব বিস্ফোরক সামগ্রী  উর্দ্ধাপূর্বক জব্দ করা হয়।  
শুক্রবার(১৬ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় এ ঘটনায় এখনও কেউ আটক হয় নি। জব্দ আলামতসমুহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় জমা করা হয়েছে। র‌্যাব আরও জানায়,  ধারণা করা হচ্ছে ওইসব  বিস্ফোরক দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টিতে ব্যবহার করা হত।
এসআরবি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক  সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম  বলেন, কতিপয় দূস্কৃতিকারী ওই বাগানে ককটেল তৈরী করছে এমন খবরে অভিযান চালানো হয়। তবে এসআরবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। পরে আমবাগান থেকে ৯২ টি ককটেল, ১১.৮ কেজি গানপাওডার ও ককটেল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ হয়। তিনি আরও বলেন, কারা এ ঘটনার সাথে জড়িত তা এখনও শনাক্ত করা যায় নি। তবে এসআরবি কিছু তথ্য পেয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় কোন ঘটনার সাথে এই ককটেল উদ্ধারের সম্পৃক্ততা পাওয়া যায় নি। ঘটনার তদন্ত এবং জড়িতদের চিহ্নিত করে আটকে অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে এর আগে এই ইউনিয়নে  আরও দু’দফা ককটেল উদ্ধার  করে পুলিশ ও এসআরবি। এর মধ্যে ২ অক্টোবর স্থানীয় দুটি গ্রুপে উত্তেজনার মধ্যে অন্তত: ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক তরুনের কব্জি উড়ে যায় ও অপর এক যুবকের চোখ মারাত্মকভাবে জখম হয়। পরে পুলিশ ঘটনাস্থল একটি আমবাগান থেকে উদ্ধার করে ১১টি অবিস্ফারিত ককটেল। এরপর ১১ অক্টোবর ইউনিয়নের একটি লেবু বাগানে গর্ত করে ৩টি বালতিতে পুঁতে রাখা ১৭টি ককটেল ওই বাগান প্রায় ৬ ঘন্টা ঘিরে রাখার পর উদ্ধার করে পুলিশ ও এসআরবির বোম্ব ডিসেপোজাল ইউনিট।

 


এ জাতীয় আরো খবর