বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাগরিকের অধিকার নিশ্চিত করাই দায়িত্ব: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-১৩ ১০:৪১:৫৪
ছবি: সংগৃহীত।

ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আসনের আটটি মন্দিরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে পূজার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
মতবিনিময়ে হিন্দু সম্প্রদায়ের নেতারা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। জবাবে তারেক রহমান বলেন, স্বল্প সময়ের মধ্যে যেসব কাজ করা সম্ভব হয়েছে, সরকার তা করেছে। আরও কিছু বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। এসব পদক্ষেপ সরকারের সদিচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।
দেশের স্বাধীনতাযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সব সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন। ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, জাতির সংকটময় সময়ে ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়নি। দেশ স্বাধীন করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাই অংশ নিয়েছেন। তাই নাগরিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পার্থক্য করার সুযোগ নেই।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হওয়ার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, তাঁর দলের মুসলমান নেতা-কর্মীদের পাশাপাশি হিন্দু নেতা-কর্মীরাও নির্যাতিত হয়েছেন। এসব ক্ষেত্রে ধর্মীয় পরিচয় কোনো পার্থক্য তৈরি করেনি বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব থেকে প্রত্যেক মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি সাধ্য অনুযায়ী কাজ করবেন।
সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং বর্তমানে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন না। সরকারের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তাঁরা।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলক সাহা, বারিধারা ডিওএইচ পূজা কমিটির সভাপতি জীবন কানাই দাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি ও বনানী সোসাইটির কোষাধ্যক্ষ সফিকুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

নাগরিক অধিকার, ধর্মীয় সম্প্রীতি, তারেক রহমান


এ জাতীয় আরো খবর