শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপনে সব ধর্মের মানুষের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, দুর্গাপূজার মূল শিক্ষা হলো সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। এই মানবিক চেতনাকে ধারণ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে।
তিনি জানান, সারা দেশের ৩১ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন লাখেরও বেশি সদস্য দিনরাত দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব নিরাপদ রাখতে বাহিনীগুলো নিরলসভাবে কাজ করছে।
পূজাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থার কারণে উৎসব নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে বলে একটি মহলের প্রচারের সমালোচনা করেন পুলিশপ্রধান। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার দুঃখজনক। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ নিতে চায়, এমন ব্যক্তিরাই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইজিপি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মন্ত্রীর দায়িত্বশীল তদারকি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত করছে।
দুর্গাপূজার নিরাপত্তা, আইজিপি, সাম্প্রদায়িক সম্প্রীতি