ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন শিরোমণি চাউল পট্টি এবং পুরাতন রেল স্টেশন রোড সংলগ্ন এলাকায় যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনার স্তূপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। জমে থাকা আবর্জনা ও পচা দুর্গন্ধের ফলে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছেন কলেজ, মাদ্রাসা ও স্কুলগামী শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে এসব ময়লা-আবর্জনা জমে থাকলেও তা অপসারণে ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ড্রেন উপচে পড়া নোংরা পানি ও আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ে চলাচলের পরিবেশ নষ্ট করছে। এমনকি শিক্ষার্থীদের গায়ে ড্রেনের অপরিষ্কার পানি ছিটকে লেগে পোশাক নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বর্তমানে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটায় এই আবর্জনার স্তূপ এডিস মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে, যা এলাকায় ডেঙ্গুর মতো মহামারী ছড়ানোর ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। ইউনিয়ন পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত উদ্যোগ না থাকায় এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকাবাসী মনে করেন, এই স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগের দায় কোনোভাবেই আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ এড়াতে পারে না। দ্রæত সময়ের মধ্যে এসব ময়লার ভাগাড় অপসারণ করে ইউনিয়নের শিরোমণির মত গুরুত্বপূর্ণ চলাচলের একমাত্র রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন নাগরিকরা।