বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

টেক্সাসে ট্রাম্পের সমাবেশে বারবার বিক্ষোভ,১২ জনকে বের করে দেওয়া

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-০৮ ১৫:৩১:৩৫
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সান অ্যান্টোনিও শহরে আয়োজিত ওই সমাবেশ থেকে প্রায় ১২ জনকে বের করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
প্রায় দুই ঘণ্টার বক্তব্যে একপর্যায়ে এক ব্যক্তি বাধা সৃষ্টি করেন। পরে তাকে সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে মিলনায়তন থেকে বের করে দেওয়া হয়। ওই ব্যক্তি নিজের মুঠোফোনে নিজেকে ধারণ করছিলেন বলে মনে হয়েছে। কিছুক্ষণ পর আরেকজন বিক্ষোভকারী হট্টগোল করেন। তার পোশাকে কিউবা নিয়ে লেখা একটি বার্তা ছিল।
বিক্ষোভকারীদের ঘটনায় ট্রাম্প তাদের অর্থের বিনিময়ে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তি হিসেবে অভিহিত করেন। এ সময় সমাবেশে উপস্থিত তার সমর্থকেরা যুক্তরাষ্ট্রের পক্ষে স্লোগান দেন এবং বিক্ষোভকারীদের দুয়োধ্বনি দেন।
নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীদের সমর্থন জোগাতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধারাবাহিক সমাবেশ করছেন ট্রাম্প। টেক্সাসের এই সমাবেশেও তিনি দলীয় প্রার্থীদের পক্ষে সমর্থন চান।
মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এদিকে ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে বিতর্কও নির্বাচনী প্রচারে প্রভাব ফেলছে। 
টেক্সাসের সমাবেশে বিক্ষোভের ঘটনাগুলো এমন সময়ে ঘটল, যখন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখা নিয়ে রিপাবলিকানদের জন্য নির্বাচনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পরিবর্তিত হলে নির্বাহী বিভাগের ওপর আইনসভা থেকে নজরদারি ও জবাবদিহির ধরনেও পরিবর্তন আসতে পারে। 

 ট্রাম্প,টেক্সাস,বিক্ষোভ


এ জাতীয় আরো খবর