বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

প্রযুক্তি ও জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরকে শক্তিশালী করা হবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৯-১৭ ১৪:২০:১২
ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
নিরাপদ,বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রযুক্তিগত, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, কষ্টার্জিত অর্থ ব্যয় করে কোনো মানুষ যাতে ভেজাল, নিম্নমানের কিংবা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের ১৭ থেকে ১৮ কোটি মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধিদপ্তরের কার্যক্রমকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি পর্যায়ক্রমে অধিদপ্তরের বিদ্যমান সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোনো প্রতিষ্ঠানের আকার কিংবা পরিচিতির চেয়ে মানুষের জীবনে সেই প্রতিষ্ঠানের কার্যক্রমের বাস্তব প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় ভোক্তাদের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি।
আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো, জনবল ও সেবা কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে দিয়ে গবেষণা পরিচালনা করা হবে।
গবেষণার সুপারিশের ভিত্তিতে অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে। এর ফলে ভোক্তারা অধিদপ্তরের বিভিন্ন সেবা আরও সহজে ও কার্যকরভাবে গ্রহণ করতে পারবেন।
মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফও সভায় উপস্থিত ছিলেন।
সভায় অধিদপ্তরের বর্তমান কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোক্তাদের জন্য সেবা আরও সহজ ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ভোক্তা অধিকার, নিরাপদ পণ্য, ডিজিটাল সেবা


এ জাতীয় আরো খবর