ফুলবাড়িগেট প্রতিনিধি ঃ খুলনার মিরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে জেষ্ঠ্যতার নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে 'উপ-সেবা তত্ত¡াবধায়ক' পদে পদায়নের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের কর্মরত নার্সিং কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, অত্র হাসপাতালে জ্যেষ্ঠতার ভিত্তিতে ৩ জন নার্সিং সুপারভাইজার এবং ২২ জন সিনিয়র স্টাফ নার্স কর্মরত রয়েছেন। নিয়ম অনুযায়ী পদোন্নতি বা অতিরিক্ত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে এই জ্যেষ্ঠতা অনুসরণ করার কথা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের সাবেক তত্ত¡াবধায়ক ডা. ইমরান হোসেন এবং প্রধান সহকারী শামীম আহসান ২০১৩ সালে যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তারকে উক্ত পদে বসাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে সুপারিশসহ আবেদন প্রেরণ করেন।
পরবর্তীতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোশাররফ হোসেন নিজ স্বাক্ষরিত এক স্মারকের (স্মারক নং: পম্বা/খুবি/মা-১/২০২৬/১১৭৫/১(২), তারিখ: ২৭/০৭/২০২৬) মাধ্যমে শিরিনা আক্তারকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপ-সেবা তত্ত¡াবধায়কের দায়িত্বভার প্রদান করেন।
অভিযোগ উঠেছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিপত্র ও নির্দেশনা উপেক্ষা করে অনৈতিক সুবিধা ও আর্থিক লেনদেনের মাধ্যমে এই পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্মারক নং-১৬১১ (তারিখ: ২৭/০৫/২০২৫) স্পষ্ট উল্লেখ রয়েছে যে, কোনো সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন, সংযুক্তি বা ভারপ্রাপ্ত পদে নিয়োগ দেওয়া যাবে না।
পরিচালকের দেওয়া এই আদেশকে সম্পূর্ণ বেআইনি ও নিয়মবহির্ভূত দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তারা। জ্যেষ্ঠতা ডিঙিয়ে জুনিয়রকে পদায়ন করায় হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও অবৈধ আদেশ বাতিলের তীব্র দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নার্সিং কর্মকর্তাবৃন্দ।