সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

এলিসের বীরত্বে জিম্বাবুয়েকে হারিয়ে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২১ ১৪:০১:০৬
ছবি: সংগৃহীত।

শেষ মুহূর্তের রোমাঞ্চে জিম্বাবুয়েকে এক উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। হারারেতে রোববার স্বাগতিকদের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে পেরিয়ে যায় সফরকারীরা।
অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন জশ ইনগ্লিস। ১০২ বলে ১০৩ রানের দারুণ ইনিংসে ১১টি চার মারেন এই ব্যাটার। তবে তাঁর বিদায়ের পর ম্যাচটি কঠিন হয়ে পড়ে অস্ট্রেলিয়ার জন্য।
শেষ দুই উইকেটে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৭ রান। তখন নাথান এলিসের সঙ্গে ক্রিজে ছিলেন স্পেন্সার জনসন। দুজন মিলে প্রায় রান-বলের গতিতে সেই রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ৯ রান। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে চাপ কমিয়ে দেন এলিস। এরপর প্রয়োজনীয় রান তুলে এক বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে জয় এনে দেন তিনি। ৪৪ বলে অপরাজিত ৩৬ রান করে ব্যাট হাতে ম্যাচের নায়ক হয়ে ওঠেন এলিস।
এর আগে বল হাতেও অস্ট্রেলিয়ার সেরা পারফরমার ছিলেন এলিস। ১০ ওভারে ৫০ রান দিয়ে নেন তিন উইকেট। অর্থাৎ ম্যাচে বল ও ব্যাট-দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
জিম্বাবুয়ের ইনিংসের মূল কারিগর ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। ৭২ বলে অপরাজিত ৮১ রান করেন তিনি। ক্রেইগ আরভিন ৭৯ বলে ৫৯ এবং ইনোসেন্ট কাইয়া ৬৬ বলে ৫৫ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন।
১৪৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন কাইয়া। দৌড়ে রান নেওয়া সম্ভব না হওয়ায় তাঁকে অবসর নিতে হয়। শেষ পর্যন্ত রাজা অপরাজিত থেকে জিম্বাবুয়ের সংগ্রহ ২৯০ রানে নিয়ে যান।
লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া শুরুতে ভালো গতিতে এগোলেও ট্রাভিস হেড ও মিচেল মার্শ দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এক প্রান্ত ধরে রেখে ইনগ্লিস লড়াই চালিয়ে গেলেও তাঁর বিদায়ের পর অস্ট্রেলিয়ার জয় অনিশ্চিত হয়ে পড়ে।
জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ব্র্যাড ইভান্স। ১০ ওভারে ৪৭ রান দিয়ে চার উইকেট নেন তিনি। তাঁর বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস একপর্যায়ে বড় চাপে পড়ে যায়।
তবে শেষ দিকে এলিসের ক্যাচ মিস করে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। শেষ ওভারের আগের ওভারে ওয়েসলি মাধেভেরে এলিসের ক্যাচটি নিতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর শেষ ওভারে ৯ রান আটকে রাখতে পারেনি স্বাগতিকরা।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। নিয়মিত দলের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েও সিরিজে পূর্ণ আধিপত্য দেখানো সফরকারীরা এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। বৃহস্পতিবার ডারবানে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়া, নাথান এলিস, জিম্বাবুয়ে


এ জাতীয় আরো খবর