বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

ধউর-আশুলিয়া সার্ভিস লেন খুলছে বুধবার, সহজ হবে যান চলাচল

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-০১ ২৩:০৫:১৭
ছবি: সংগৃহীত।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নির্মিত সার্ভিস লেন বুধবার (২ সেপ্টেম্বর) সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় এটিই প্রথম কোনো অংশ, যা আনুষ্ঠানিকভাবে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হচ্ছে।
এর ফলে উত্তরা থেকে আশুলিয়াগামী যানবাহনের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রকল্পের আওতায় এটিই প্রথম অংশ, যার সুবিধা বুধবার থেকে সাধারণ মানুষ পাবেন। সার্ভিস লেনটি ওই দিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু নির্মাণ করা হয়েছে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার। বুধবার সকাল ১০টায় ধউর সেতুর ওপর এগুলো উন্মুক্ত করার অনুষ্ঠান হবে। এতে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, তুরাগ নদীর স্বাভাবিক পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই সার্ভিস লেন ও মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা করা হয়েছে। মূল উড়ালপথের পাশাপাশি স্থানীয় যানবাহনের জন্য দুই লেনের পৃথক দুটি সার্ভিস সেতু রাখা হয়েছে।
প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ এই অংশের সার্ভিস লেনের নির্মাণকাজ গত আগস্টেই শেষ হয়েছে। এরই মধ্যে সড়কে পিচ ঢালাই ও প্রয়োজনীয় সড়কচিহ্ন দেওয়ার কাজও সম্পন্ন করা হয়েছে।
প্রকল্পের প্রথম অংশ সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়ায় উত্তরা-আশুলিয়া পথে চলাচলকারী মানুষের যাতায়াতে এর সুফল মিলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আশুলিয়া, সার্ভিস লেন


এ জাতীয় আরো খবর