মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

দৌলতপুরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই,থানায় অভিযোগ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৮-৩১ ২১:০৩:৪৮

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার দৌলতপুর থানা এলাকায় দিনে-দুপুরে এক স্কুল শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩১আগস্ট) সকাল সাড়ে ১১টায় যশোর-খুলনা মহাসড়কের দৌলতপুর থানাধীন মানিকতলা মোড় সংলগ্ন বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ইভা রানী সরকার (৫১) তার সহকর্মী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়ার সাথে মোটরসাইকেল যোগে স্কুলের দাপ্তরিক কাজে দৌলতপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বড় মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কালো রঙের মোটরসাইকেলে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তি ইভা রানীর গলায় থাকা আনুমানিক ১০ আনা ওজনের স্বর্ণের চেইন যার মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা ধরে টান দেয়।
শিক্ষিকা তাৎক্ষণিকভাবে চেইনটি চেপে ধরলে তা ছিঁড়ে যায় এবং ছিনতাইকারী চেইনের অর্ধেক অংশ আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা নিয়ে দ্রæত পালিয়ে যায়। শিক্ষিকার সহকর্মী ছিনতাইকারীর পিছু নিলেও তাকে ধরা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ছিনতাইকারী ব্যক্তি সাদা রঙের হালকা প্রিন্ট শার্ট ও জিন্স প্যান্ট পরা ছিল।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা ইভা রানী সরকার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 


এ জাতীয় আরো খবর