শনিবার, আগস্ট ১৫, ২০২৬

র ফি কু ল ই স লা ম

  • জীবন এক ধূসর ক্যানভাস
  • ২০২৬-০৮-১৪ ১৬:৩৯:০৪

‎‎আঙ্গুলের ফাঁকে কত বীজ বুনেছি মাঠে,
‎কর্ষিত মাটি ও জলের সংমিশ্রনে,
‎গ্রথিত সময়ের কত রৌদ্রদগ্ধ দুপুর।
‎সময় ও শ্রম গড়তে গিয়ে
‎কতবার ভুল করেছি রোদের হিসেব।
‎ফসল? সে তো মাটির মতো
‎অপেক্ষা ছাড়া কিছুই চায় না।
‎কেউ হিসাব রাখে না এই গাঁয়ে
‎কতবার লাঙল হয়ে ফিরেছি জমিতে,
‎খালি গোলায় ধান হয়ে ভরেছি।
‎সবাই খোঁজে ফসলের কত দাম
‎কারো উঠোন জুড়ে ধানের ঘ্রাণ
‎আর ভাপা পিঠার স্বাদে অঘ্রাণ।
‎জমি তো মিথ্যা বলে না,
‎সে জানে —
‎কে কতবার মাটিকে পবিত্র করেছে
‎আমৃত্যু সময় বয়ে যায সৃষ্টির উন্মাদনায়।
‎জীবন এক জমি চষার মতো
‎এক দীর্ঘ ধৈর্য,
‎সবটুকু ঘাম ঝরার পর বুঝি
‎কার জন্য কতটা সময় বাঁচা যায়।


এ জাতীয় আরো খবর