খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে একটি কার্যকর, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব মূল্যায়ন ব্যবস্থা অপরিহার্য। সুষ্ঠুভাবে মিডটার্ম পরীক্ষা পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন আরও কার্যকর হবে এবং তাদের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, দায়বদ্ধতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। এ সময় মিডটার্ম পরীক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী এবং কমিটির সদস্য ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা, বাস্তবায়ন কৌশল এবং এর বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং মিডটার্ম পরীক্ষা পদ্ধতির কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজিত এ কর্মশালায় মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা, মূল্যায়ন প্রক্রিয়া, বাস্তবায়ন কৌশল, ব্যবহারিক দিক এবং কার্যকর প্রয়োগ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত উপস্থাপনা, আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।