বৃষ্টির ফোঁটা চুরি গেল কোথায়?
আজ সকালে ঘুম থেকে উঠেই আমি খুব খুশি হয়েছিলাম।
আকাশে কালো মেঘ।
হালকা বাতাস।
মনে হচ্ছিল, আজ বুঝি বৃষ্টি হবেই!
আমি ডানা ঝাপটে উড়ে গিয়ে রাহিকে বললাম,
-রাহি! রাহি! আজ বৃষ্টি আসছে!
রাহি জানালার বাইরে তাকিয়ে হেসে বলল,
-সত্যিই তো! মেঘগুলো বেশ ভারী দেখাচ্ছে।
অরণও দৌড়ে এলো।
আমরা তিনজন মিলে বটদাদুর নিচে বসে বৃষ্টির অপেক্ষা করতে লাগলাম।
কিন্তু...
এক ঘণ্টা গেল।
দুই ঘণ্টা গেল।
মেঘ আছে,বাতাস আছে,কিন্তু বৃষ্টি নেই!
আমি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম,
-বৃষ্টির ফোঁটাগুলো গেল কোথায়?
নিশ্চয় কেউ চুরি করেছে!
আমি তদন্ত শুরু করলাম।
প্রথমে কাঠবিড়ালির কাছে গেলাম।
-তুমি কি বৃষ্টির ফোঁটা লুকিয়েছ?
সে হেসে বলল,
-না ভাই,আমি তো বাদাম নিয়েই ব্যস্ত।
তারপর প্রজাপতির কাছে গেলাম।
-তুমি?
-না না! আমি তো ফুলের খবর রাখি,বৃষ্টির নয়।
শেষে আমরা বটদাদুর কাছে গেলাম।
সব শুনে বটদাদু মৃদু হেসে বললেন,
-কেউ বৃষ্টির ফোঁটা চুরি করেনি, শিসু।
-তাহলে বৃষ্টি হলো না কেন?
-কারণ সব মেঘ বৃষ্টি আনে না। কিছু মেঘ শুধু ভেসে বেড়ায়। আবার কখনো বাতাস মেঘকে অন্য জায়গায় নিয়ে যায়।
আমি আকাশের দিকে তাকালাম।
দেখলাম,সত্যিই মেঘগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।
আমি একটু মন খারাপ করলাম।
তখন বটদাদু বললেন,
- প্রকৃতির সবকিছুই আমাদের ইচ্ছামতো হয় না। কিন্তু অপেক্ষা করতে জানতে হয়।
ঠিক তখনই...
টুপ!
আমার ঠোঁটের ওপর একটি ছোট্ট বৃষ্টির ফোঁটা এসে পড়ল।
আমি আনন্দে চিৎকার করে উঠলাম,
-পেয়েছি! পেয়েছি! বৃষ্টির ফোঁটা ফিরে এসেছে!
রাহি হাসল।
অরণ হাততালি দিল।
আর কয়েক মুহূর্তের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো।
শিসুর ছোট্ট শিক্ষাঃ
সব সময় সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না।
ধৈর্য ধরতে শিখলে অনেক সুন্দর জিনিস একদিন ঠিকই এসে ধরা দেয়।
স্বাস্থ্য টিপস
বৃষ্টির দিনে ভিজলে বাসায় ফিরে শুকনো কাপড় পরো।
ভেজা অবস্থায় দীর্ঘ সময় থাকলে সর্দি-কাশির ঝুঁকি বাড়তে পারে।
আজকের প্রশ্ন
তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে?
-শিসু