রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে উচ্চপর্যায়ের তৃতীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে চলমান কার্যক্রমের অগ্রগতি, সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রযুক্তিভিত্তিক নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর যানজট পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়ন কতদূর এগিয়েছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেন প্রধানমন্ত্রী। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নজরদারি ক্যামেরা স্থাপনের বর্তমান অবস্থা, কতগুলো ক্যামেরা ইতোমধ্যে চালু হয়েছে এবং বাকি ক্যামেরাগুলো কবে স্থাপন করা হবে-এসব বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চান।
সভায় নগরীর রাস্তায় চলাচলরত পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিবের দপ্তর জানিয়েছে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন প্রয়োগ কার্যক্রমকে আরও কার্যকর করতে দ্রুততম সময়ে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর উদ্যোগকে নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কী-ওয়ার্ডস: যানজট, এআই ক্যামেরা, ট্রাফিক ব্যবস্থাপনা