শুক্রবার, জুন ১৯, ২০২৬

পুতুমায়ো জঙ্গলে অস্ত্র জমা দিল শতাধিক বিদ্রোহী,শান্তি প্রক্রিয়ায় বড় অগ্রগতি কলম্বিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-১৯ ১৩:৫১:২৯
ছবি: সংগৃহীত।

কলম্বিয়ার দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নিরসনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো বিভাগের জঙ্গল এলাকায় প্রায় একশ বিদ্রোহী অস্ত্র সমর্পণ করেছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর শান্তি উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপকে বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ন্যাশনাল কো-অর্ডিনেটিং কমিটি অব দ্য বলিভারিয়ান আর্মির ৯৯ জন সদস্য বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্র জমা দেন। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আর মাত্র কয়েক দিন বাকি।
অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বিদ্রোহীদের ক্যামোফ্লাজ পোশাকে দেখা যায়। তারা একটি বড় ধাতব কনটেইনারে রাইফেল ও অন্যান্য অস্ত্র জমা রাখেন। কনটেইনারটিতে শান্তি ও জীবনের পক্ষে অঙ্গীকারের বার্তা লেখা ছিল।
সরকারের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এই নিরস্ত্রীকরণকে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিদ্রোহীদের আইনি অবস্থান, পুনর্বাসন এবং মূলধারায় প্রত্যাবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা এগোবে।
উল্লেখ্য, ২০১৬ সালে ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্র ত্যাগ করা ফার্ক গোষ্ঠীর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে এই সংগঠন গঠন করেছিল। বর্তমানে প্রেসিডেন্ট পেট্রোর প্রশাসনের সঙ্গে আলোচনায় অগ্রগতি দেখানো সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এটি অন্যতম।
সরকারি শান্তি আলোচনার প্রধান প্রতিনিধি আর্মান্দো নোভোয়া বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে এই পদক্ষেপ কলম্বিয়ার জনগণের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। তাঁর মতে, সংঘাত নয়, সংলাপই টেকসই সমাধানের পথ।
প্রেসিডেন্ট পেট্রোর বহুল আলোচিত ‘পূর্ণ শান্তি’ কর্মসূচি শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা কাঙ্ক্ষিত ফল না দিলেও পুতুমায়োর এই ঘটনা সেই উদ্যোগে নতুন আশার সঞ্চার করেছে।
তবে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ এখনও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আগামী রোববার অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে শান্তি উদ্যোগের সমর্থক ও বিরোধী দুই ধারার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল দেশটির চলমান শান্তি প্রচেষ্টার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগামী ৭ আগস্ট বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নবনির্বাচিত রাষ্ট্রপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তার আগে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কলম্বিয়ার শান্তি প্রচেষ্টার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কী-ওয়ার্ডস:
কলম্বিয়া,শান্তি প্রক্রিয়া,অস্ত্র সমর্পণ,বিদ্রোহী গোষ্ঠী,পুতুমায়ো


এ জাতীয় আরো খবর