শুক্রবার, জুন ১৯, ২০২৬

গণতান্ত্রিক উত্তরণে সংলাপ শুরু, কারাকাসে মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-১৯ ১৩:৩৮:৩১
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলায় রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে নতুন উদ্যোগের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিরোধী নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এ বৈঠকে ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কার ও অবাধ নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ এবং দীর্ঘদিন নির্বাসনে থাকা বিরোধী নেত্রী দিনোরা ফিগুয়েরা অংশ নেন। প্রায় আট বছর পর এদিনই নিজ দেশে ফেরেন ফিগুয়েরা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলায় উন্মুক্ত ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এটি একটি প্রাথমিক পদক্ষেপ। আলোচনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন এবং রাজনৈতিক আস্থার পরিবেশ তৈরির বিষয় গুরুত্ব পায়।
তিনি জানান, ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করা, নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করা এবং বহুদলীয় অংশগ্রহণ নিশ্চিত করার মতো উদ্যোগ।
চিকিৎসক ও রাজনীতিক দিনোরা ফিগুয়েরা ২০১৫ সালে জাতীয় পরিষদের নেতৃত্বে ছিলেন। রাজনৈতিক চাপ, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে ২০১৮ সালে তিনি দেশ ছাড়েন। নির্বাসনকালে তিনি বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ হিসেবে সক্রিয় ছিলেন।
দেশে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, একটি বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে তিনি এই সংলাপ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তাঁর মতে, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জাতীয় পরিষদও নিশ্চিত করেছে যে, ভেনেজুয়ায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তরের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০১৫-২০২০ মেয়াদের বিরোধী আইনপ্রণেতাদের প্রতিনিধিত্ব করেন ফিগুয়েরা।
অন্যদিকে, সম্প্রতি নিজস্ব রাজনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনায় থাকা বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদোর পথ থেকে নিজেকে কিছুটা আলাদা রাখার ইঙ্গিত দিয়েছেন ফিগুয়েরা।
কারাকাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, এর আগে এপ্রিল মাসে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভেনেজুয়ায় একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক উত্তরণের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেছিলেন তিনি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়ায় ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া বিশ্বাসযোগ্য করতে হলে নতুন নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা প্রয়োজন। তাঁর ভাষায়, দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের আস্থা অর্জন করতে হবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর সরকার ও বিরোধী পক্ষের এই সংলাপ ভেনেজুয়ায় নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করতে পারে। তবে কাঙ্ক্ষিত অগ্রগতি নির্ভর করবে উভয় পক্ষের আন্তরিকতা ও সমঝোতার ওপর।

কী-ওয়ার্ডস:
ভেনেজুয়েলা,গণতান্ত্রিক উত্তরণ,দিনোরা ফিগুয়েরা,রাজনৈতিক সংলাপ,নির্বাচন সংস্কার


এ জাতীয় আরো খবর