শুক্রবার, জুন ১৯, ২০২৬

ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় কানাডার

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-১৯ ১১:০৪:৫৬
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের মঞ্চে অবশেষে ইতিহাসের স্বাদ পেল কানাডা। সহ-আয়োজক দেশটি দুর্বল হয়ে পড়া কাতারের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের আনন্দ উদযাপন করেছে। ম্যাচের নায়ক ছিলেন তারকা ফরোয়ার্ড জোনাথন ডেভিড, যিনি একাই করেছেন তিন গোল।
শুরু থেকেই আক্রমণের ধার দেখাতে থাকে কানাডা। ১৬তম মিনিটে কাইল লারিনের গোলে এগিয়ে যায় উত্তর আমেরিকার দলটি। এরপর জোনাথন ডেভিডের জোড়া গোলে প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধেই। কাতারের হোমান এল-আমিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি দশজনে পরিণত হয়। বিরতির পর পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে তাদের জন্য।
৫১তম মিনিটে কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেকে পিছন দিক থেকে বিপজ্জনক ট্যাকেল করেন কাতারের আসিম মাদিবো। গুরুতর আঘাতে কোনেকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও পর্যালোচনার পর মাদিবোর শাস্তি বাড়িয়ে সরাসরি লাল কার্ড দেওয়া হয়। ফলে নয়জনের দলে পরিণত হয় কাতার।
সংখ্যাগত সুবিধাকে পুরোপুরি কাজে লাগায় কানাডা। ইনজুরিতে মাঠ ছাড়া কোনের পরিবর্তে নামা ন্যাথান সালিবা ৬৪তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান ৪-০ করেন।
এরপর আরও চাপে পড়ে কাতার। বদলি খেলোয়াড় জ্যাকব শ্যাফেলবার্গের আক্রমণ থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোহাম্মদ মানাই। আত্মঘাতী সেই গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০।
ম্যাচের যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। তার এই গোলেই কানাডার ৬-০ গোলের স্মরণীয় জয় নিশ্চিত হয়।
তবে বড় জয়ের আনন্দের মাঝেও কিছুটা উদ্বেগ রয়েছে কানাডা শিবিরে। গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমায়েল কোনের চোট কতটা গুরুতর, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পরবর্তী ম্যাচের আগে তার শারীরিক অবস্থা নিয়ে সিদ্ধান্ত জানাবে দলীয় চিকিৎসকরা।
এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে কানাডা। এখন শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অন্তত একটি ড্র করতে পারলেই গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে, দুই লাল কার্ড, আত্মঘাতী গোল এবং বড় ব্যবধানের পরাজয়ে হতাশাজনক এক দিন কাটিয়েছে কাতার।

কী-ওয়ার্ডস:
কানাডা, জোনাথন ডেভিড, কাতার, বিশ্বকাপ, হ্যাটট্রিক


এ জাতীয় আরো খবর