বাংলাদেশ পুলিশে উচ্চপর্যায়ে পদোন্নতি পেয়েছেন পাঁচজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)। তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে উন্নীত করেছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দেবেন। তাদের যোগদানের তারিখ থেকেই পদোন্নতির আদেশ কার্যকর হবে।
পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিট ও রেঞ্জে দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তার পদোন্নতির মাধ্যমে বাহিনীর উচ্চপর্যায়ে নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
কী-ওয়ার্ডস: পুলিশ পদোন্নতি,অতিরিক্ত আইজিপি,স্বরাষ্ট্র মন্ত্রণালয়