আমায় তোরা কালো বলিস,দেখিস আড়ে আড়ে,
ছিঁড়ে খেতে আসিস আবার রাতের অন্ধকারে।
কালো আমার বাইরেটুকু,জোনাক বুকের মাঝে,
জেনে রাখিস হার মানি না কোনও কঠিন কাজে।
কাজল কালো চোখের তারায় স্বপ্নের বিচরণ,
কাব্যতরী হয়ে ভাসে আমার সবুজ মন।
ছিপছিপে এই দেহের ভাঁজে হানিস নয়নবান,
সদ্য আমি যুবতী তাই যৌবন টানটান।
তোদের আমি ঘৃণা করি,তোরা কাপুরুষ,
উপরওয়ালা দেয় নি তোদের একছিঁটে মান- হুঁশ।
স্পর্শ করার ছুঁতো খুঁজিস,ভাবিস অবুঝ আমি,
জেনে রাখিস আমার কাছে আমি অনেক দামী।
চামড়া তোদের সাদা হলেও মনটা পাঁকে ভরা,
সহজলভ্য নই রে আমি,দিই না তোদের ধরা।
সমাজটাকে চিনে গেছি তোদের ব্যবহারে,
গুণের বিচার করলে সাদা কালোর কাছেও হারে।
সবার মত আমার আছে বাঁচার অধিকার,
মাথা তুলে বাঁচবো আমি রইল অঙ্গীকার।
প্রেমের শিখাও জ্বলবে আমার সঠিক মানুষ পেলে,
বিরল হলেও পাঁকের মাঝেই পদ্মের দেখা মেলে।