বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী ঘোষণা,ভোট ১২ মে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-২০ ২১:৩১:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ৩৬টি আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় রাজধানীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় মনোনয়ন পেয়েছেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, ডা. সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি।
এছাড়া রয়েছেন-সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্র জানায়, গত ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত তিন দিনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। এ সময়ে প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয় এবং প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়ে। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত রাখতে হয়েছে।
পরবর্তীতে ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারী সংরক্ষিত আসন রয়েছে। এর মধ্যে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন।

কী-ওয়ার্ডস: বিএনপি মনোনয়ন,সংরক্ষিত নারী আসন,সংসদ নির্বাচন


এ জাতীয় আরো খবর