শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

আংশিক স্বাভাবিক ফ্লাইট চলাচল,চট্টগ্রামে এখনো বাতিলের ধাক্কা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-১৮ ০৮:২৩:৪২
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সংঘাত-পরবর্তী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত বৃহস্পতিবার ও শুক্রবার মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইনস-এর একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়া-র শারজাহ রুটের দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট এবং সালামএয়ার-এর মাস্কাট রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়।
তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইনসের মোট ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে ১২টি আগমন ও ১১টি বহির্গমন। এতে যাত্রী চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থবিরতা অনেকটাই কাটলেও চট্টগ্রাম-দোহা রুট এখনো বন্ধ রয়েছে, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ দুই দিনেই বাতিল হয়েছে ৯টি ফ্লাইট।
সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতির উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত তথ্য যাচাই করে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কী-ওয়ার্ডস:
চট্টগ্রাম বিমানবন্দর,ফ্লাইট বাতিল,মধ্যপ্রাচ্য রুট


এ জাতীয় আরো খবর