দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ এবং স্বাস্থ্যখাতে বাড়ছে উদ্বেগ।
শুক্রবার (৩ এপ্রিল) অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। এ সময় মারা গেছে তিনজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।
তবে পূর্বে প্রকাশিত তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে ৫টি মৃত্যু বাদ দেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার এই মৃত্যুগুলো জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা সর্বশেষ প্রতিবেদনে যুক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
কী-ওয়ার্ড: হাম পরিস্থিতি,শিশু মৃত্যু,স্বাস্থ্য সংকট