চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে ফারহানা খাতুন (১৫) নামে এক কিশোরির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নাদেরাবাদ গ্রামের মো. বাবলুর মেয়ে এবং নাদেরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার(১৬ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সূযোগে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ছাদে বাঁশের তীরের (আড়া) সাথে গলায় ওড়নার ফাঁস দেয় ফারহানা। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে বিকল্প উপায়ে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিল হাসান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।