বুধবার, এপ্রিল ১, ২০২৬

উদীচীর প্রতিষ্ঠাতা শিল্পী- সংগ্রামী সত্যেন সেনের ১১৯তম জয়ন্তী উদযাপন করেছে উদীচী।

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৬-০৩-২৮ ২২:০৭:৩৯

দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী ও সংগ্রামী সত্যেন সেনের ১১৯তম জয়ন্তী আজ ২৮ মার্চ। এ উপলক্ষে আজ বিকাল ৪টায় সত্যেন সেন চত্বর, তোপখানা রোডে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) উদীচী আয়োজন করে কথা, গান, কবিতা, স্মৃতি তর্পণের।
দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান। এরপর আলোচনা পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সদস্য কামাল হোসেন বাদল, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদক মণ্ডলীর সদস্য একরাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।  
আলোচকগণ তাদের আলোচনায় শিল্পীসংগ্রামী সত্যেন সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৬৮ সালে সৃষ্টির পর থেকে সত্যেন সেনের পথ অনুসরণ করে উদীচী মানব মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছে। ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান, ২৪ এর গণঅভ্যুত্থান সহ সকল লড়াই সংগ্রামে উদীচী সামনের সারিতে থেকে লড়াই করেছে। তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায়  নেমে লড়াই করে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য শত শত মানুষের জীবনের বিনিময়ে অর্জিত সে বিজয়কে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় মেতে ওঠে একটি অপশক্তি। দেশকে অস্থিতিশীল করে তোলা থেকে শুরু করে দেশের প্রগতিশীল রাজনৈতিক -সাংস্কৃতিক শক্তিকে নিশ্চিহ্ন করে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দেয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। বক্তাগণ বলেন, যতবার উদীচীর উপর আঘাত এসেছে ততবার উদীচী দ্বিগুণ শক্তিতে শত্রুর মোকাবেলা করে সামনে এগিয়ে গিয়েছে। স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সহ সকল অপশক্তির বিরুদ্ধে উদীচীর লড়াই জারি রয়েছে।
বক্তাগণ বলেন, আজন্ম বিপ্লবী সত্যেন সেন তাঁর সারা জীবন মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন। তাঁর লেখা গান, প্রবন্ধ, গল্প, উপন্যাস আজও আমাদের সংগ্রামের প্রেরণা যোগায়। সত্যেন সেন মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্য সারাদেশে ছুটে বেড়িয়েছেন। তিনি মানুষের কাছাকাছি গিয়ে তাদের দুঃখ দুর্দশা কাছ থেকে দেখেছেন, মানুষকে মুক্তির মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। উদীচীর প্রতিষ্ঠা সত্যেন সেনের এক অমর কীর্তি।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী মায়েশা সুলতানা উর্বী ও মীর সাখাওয়াত হোসেন। কবিতা আবৃত্তি করেন সজীব তানভীর ও আব্দুল্লাহ আল নিশাত। দলীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী'র শিল্পীবৃন্দ।
সত্যেন সেনের জন্মদিনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উদ্বোধন করে গান, আড্ডা, গল্পের ধারাবাহিক আয়োজন “উদীচীর উঠান”। উদ্বোধনী দিনে উদীচীর উঠানে গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী সায়ান। শিল্পী সায়ানের গানের মাঝে মাঝে শ্রোতাগণ তাদের আবেগ অনুভূতির কথা বলেন। সয়ান তার গান দিয়ে মুগ্ধ করেন উপস্থিত দর্শক শ্রোতাদের।


এ জাতীয় আরো খবর