নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে রাজধানীর গুলশানে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার পর এটিই তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পরিষদগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে এই নির্দেশনাগুলো বাস্তবায়নে জোর দেওয়া হবে।
কী-ওয়ার্ডস:জেলা পরিষদ প্রশাসক,স্থানীয় সরকার উন্নয়ন,তারেক রহমান বৈঠক