বুধবার, এপ্রিল ১, ২০২৬

সংসদে গুম ইস্যুতে প্রশ্ন তুললেন লুনা,ইলিয়াস আলীর সন্ধান চাইলেন এমপি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-৩০ ২১:৪৩:২৬

জাতীয় সংসদে গুমের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে নিখোঁজদের সন্ধান ও বিচার দাবি করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি তার স্বামী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী-সহ অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের অবস্থান জানতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
লুনা বলেন, দীর্ঘ সময় পার হলেও গুম হওয়া ব্যক্তিদের কোনো খোঁজ মেলেনি। পরিবারগুলো এখনো জানতে পারছে না তাদের স্বজনরা কোথায় আছেন। তিনি সুমন পারভেজসহ অন্যান্য নিখোঁজদের প্রসঙ্গও তুলে ধরেন এবং তাদের পরিবারের অনিশ্চয়তার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো এসব ঘটনার সুরাহা হয়নি। গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানান তিনি।
সংসদ সদস্য লুনা প্রস্তাব করেন, বিগত বছরগুলোতে গুম ও খুনের শিকারদের যথাযথ স্বীকৃতি দেওয়া উচিত এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশে গুম-খুনের ঘটনা নির্মূল হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে তার সন্ধান মেলেনি, যা দেশের আলোচিত গুমের ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত।

কী-ওয়ার্ডস:গুম ইস্যু সংসদ,ইলিয়াস আলী নিখোঁজ,লুনার দাবি


এ জাতীয় আরো খবর