পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি।
ঈদের আনন্দের সঙ্গে টেলিভিশন দর্শকদের দীর্ঘদিনের আবেগ জড়িয়ে আছে এই অনুষ্ঠানকে ঘিরে। সেই ধারাবাহিকতায় এবারও নতুনত্ব ও বর্ণিল উপস্থাপনায় হাজির হচ্ছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।
চিরায়ত ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সাজানো এবারের আয়োজনের শুরুতেই থাকছে বিশেষ চমক। কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরে দর্শকদের মুগ্ধ করবেন শিল্পীরা। এরপর পরিবেশিত হবে দেশাত্মবোধক ও ভিন্নধর্মী গান।
এবারের অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে জমকালো নৃত্য পরিবেশনা। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হবে, যা ‘ইত্যাদি’র অন্যতম বৈশিষ্ট্য।
অনুষ্ঠানটিতে সামাজিক অসংগতি, গ্রামীণ জীবনের বাস্তব চিত্র ও নানা প্রাসঙ্গিক বিষয় নিয়ে নির্মিত নাট্যাংশ থাকছে। এছাড়া নিয়মিত আয়োজনের পাশাপাশি বিশেষ সঙ্গীতনাট্য এবং বিদেশিদের অংশগ্রহণে শিক্ষামূলক ও বিনোদনধর্মী পর্বও অন্তর্ভুক্ত করা হয়েছে।
কী-ওয়ার্ডস: ইত্যাদি অনুষ্ঠান, ঈদ অনুষ্ঠান বিটিভি, হানিফ সংকেত